বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পরিবর্তন এনে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে ড. আহসান এইচ মনসুর-এর। একই সঙ্গে আলাদা প্রজ্ঞাপনে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। ড. আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ১৩ আগস্ট ২০২৪ তারিখের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী দেওয়া নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
অন্যদিকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাওয়া মো. মোস্তাকুর রহমান, এফসিএমএ—তাকে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করবেন।
দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক-এর নেতৃত্বে এই পরিবর্তন আর্থিক খাতে নতুন দিকনির্দেশনা ও নীতিগত অগ্রাধিকারে প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। মুদ্রানীতি, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনায় নতুন গভর্নরের সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ থাকবে।
মন্তব্য করুন