ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ চায় না বেইজিং।
রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রদূত বলেন, চীন সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল। পারস্পরিক সম্মান, সমতা ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় বেইজিং।
তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের শক্তির হস্তক্ষেপকে চীন সমর্থন করে না।
বৈঠকে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ বিষয়ে তিনি বলেন, প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে এবং এখন বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে চীন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফর প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাষ্ট্রদূত বলেন, অতীতেও উচ্চপর্যায়ের সফর হয়েছে এবং ভবিষ্যতেও এমন সফরের প্রত্যাশা করছে চীন।
কূটনৈতিক মহলে এ বক্তব্যকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে চীনের এ অবস্থান দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত বহন করে।
মন্তব্য করুন