ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেছেন তারেক রহমান। শনিবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর বলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রবেশের সময় কালো কোট পরিহিত তারেক রহমানকে দাঁড়িয়ে করতালি দিয়ে স্বাগত জানান দলের নেতাকর্মীরা। তিনি সাংবাদিকদের দিকে হাত তুলে সালাম জানান এবং পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে সঙ্গে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করেন।
নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। নিজেও ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে বিজয়ী হয়েছেন তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, তিনি নতুন সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় বিদেশে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর বিভিন্ন রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বের সঙ্গে মতবিনিময় করলেও এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে নির্বাচনী প্রক্রিয়া, ভবিষ্যৎ সরকার পরিচালনার পরিকল্পনা এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সরকারের নীতি ও পরিকল্পনার দিকনির্দেশনা স্পষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
মন্তব্য করুন