জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছে।
আজ বুধবার (২১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলার শুরুতে দুই আসামি অব্যাহতির আবেদন করেছিলেন, তবে তা ট্রাইব্যুনাল খারিজ করে দেন। এরপর প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগ পড়া হয় এবং আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। বিচারিক কার্যক্রমের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
দুই আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন পলক। তাকে আজ সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপর আসামি জয় পক্ষে লড়াই করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম।
মামলার তিনটি অভিযোগের মধ্যে রয়েছে: ২০২৪ সালের ১৪ জুলাই রাতে জয়-এর নির্দেশে ফেসবুকে উসকানি দেওয়া; পরেরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলার আয়োজন; এবং হত্যায় সহায়তা, যার ফলে ২৮ জন নিহত হন। এছাড়া উত্তরার ঘটনায় আরও ৩৪ হত্যায় সহায়তার অভিযোগ রয়েছে।
এর মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের দায়ে জুলাই গণঅভ্যুত্থান মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
মন্তব্য করুন