রাজধানীর শাহবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কলম সমর্পণ কর্মসূচিতে পুলিশ হঠাৎ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে এই ঘটনা ঘটে। এতে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং নারীসহ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, পূর্বঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে পদযাত্রা শুরু করেন সহকারী শিক্ষকরা। শাহবাগ মোড়ে পৌঁছার আগেই পুলিশ রাস্তায় ব্যারিকেড দেয়। সেখানে অবস্থান নিয়ে শিক্ষকরা দাবি আদায়ে স্লোগান দিচ্ছিলেন। হঠাৎ পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শিক্ষকরা আহত হন।
শিক্ষকরা তাদের তিন দফা দাবিতে আন্দোলন করছেন। দাবিগুলো হলো:
১. দশম গ্রেডে বেতন নির্ধারণ,
২. ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান,
৩. শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সাড়ে ৬৫ হাজারের বেশি, যেখানে কর্মরত শিক্ষক সংখ্যা তিন লাখ ৮৪ হাজার। যদিও এপ্রিল মাসে প্রাথমিক শিক্ষকদের বেতন উন্নীত করা হয়েছে, কিন্তু সহকারী শিক্ষকরা এই পদক্ষেপে সন্তুষ্ট নন এবং দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
মন্তব্য করুন