কিশোরগঞ্জে মাদকবিরোধী এক সফল অভিযানে ৩৩৫ (তিনশত পয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুক ইসলাম (৩১) নামে একজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ সদর থানাধীন বিন্নাটি বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ-এর একটি চৌকস টিম সোমবার দুপুর ১৪:০০ ঘটিকা থেকে ১৫:০০ ঘটিকা পর্যন্ত বিন্নাটি বাজার এলাকায় এই ঝটিকা অভিযান চালায়। অভিযান চলাকালে সন্দেহভাজন ফারুক ইসলামকে তল্লাশি করে তার হেফাজত থেকে মোট ৩৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম ফারুক ইসলাম (৩১)। তিনি গাজীপুর জেলার গাজীপুর সদর থানাধীন টেক ভাড়ারিয়া এলাকার শওকত আলীর পুত্র। তার স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন নারায়ণপুর (ডাকঘর: বাবুখালি) গ্রামে।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো: ওবায়দুল্লাহ খান বাদী হয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন