দেশে শিশুদের হামসহ বিভিন্ন রোগের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্তের দাবি উঠেছে। এ বিষয়ে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগম-সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ এবং ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান বরাবর এই আবেদন দাখিল করেন।
আবেদনে বলা হয়েছে, সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি এবং শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে। একজন সচেতন নাগরিক ও আইনজীবী হিসেবে এ বিষয়টি আবেদনকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে আবেদনে উল্লেখ করা হয়, দেশে শিশুদের টিকা সংকট এবং এর ফলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টার দায় রয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, বর্তমান সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ে টিকা ও সিরিঞ্জের ঘাটতিকে পূর্ববর্তী সরকারের সময়ের সমস্যা হিসেবে তুলে ধরছে।
এ বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন