প্রথমবারের মতো নারায়ণগঞ্জে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর উদ্যোগে ঐতিহ্যবাহী বৈসাবি বিঝু উৎসব উদযাপনের লক্ষ্যে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি।
পার্বত্য চট্টগ্রাম থেকে আগত চাকমা, মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে নারায়ণগঞ্জের কাঁচপুর ও আশপাশের এলাকায়। তাদের অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বৈসু, সাংগ্রাই ও বিজুকে সম্মিলিতভাবে বৈসাবি হিসেবে উদযাপন করা হয়।
উৎসব উপলক্ষে রবিবার ভোর ৬টা থেকে শীতলক্ষ্যা নদীর পূর্বপাশে সোনারগাঁওয়ের কাঁচপুরে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর নদীতে ফুল ভাসিয়ে সকলের মঙ্গল কামনা করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী পুরুষরা জানান, নারায়নগঞ্জে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি। আমরা শুধু পহেলা বৈশাখে একদিন ছুটি পাই। তাই দিবসটি আমাদের পাহাড়ি এলাকায় পালনের সুযোগ থাকেনা। এজন্য এবছর আমরা প্রথমবারের মতো নারায়ণগঞ্জে বিঝু উৎসব পালন করছি। ছোট পরিসরেও উৎসবটি পালন করতে পেরে আমাদের ভালো লাগছে।
আয়োজক কমিটির উপদেষ্টা সুমিত বড়ুয়া বলেন, নারায়ণগঞ্জে যেসব পাহাড়ি জনগোষ্ঠী চাকরি করেন, যারা এই উৎসবে বাড়ি যেতে পারে না তাদের নিয়েই এই উৎসব আয়োজন করা হয়েছে। প্রথমবারের মতো এই আয়োজন করা হয়েছে নারায়ণগঞ্জে। আমরা প্রশাসনসহ সকলের সহযোগিতা পেয়েছি। নতুন বছর সকলের সুন্দর কাটুক আমরা সেই প্রত্যাশাই করি এই অনুষ্ঠানের মাধ্যমে।
মন্তব্য করুন