জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ একটি অধ্যাদেশ জাতীয় সংসদে পাস হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এ সংক্রান্ত প্রস্তাব সংসদে উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
মন্ত্রী জানান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের আর্থিক, সামাজিক এবং পুনর্বাসন সহায়তা নিশ্চিত করার জন্য এই বিলটি আনা হয়েছে। একইসঙ্গে গণঅভ্যুত্থানের চেতনা ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।
তিনি আরও বলেন, এই আইন বাস্তবায়নের মাধ্যমে শহীদ পরিবারগুলোকে দীর্ঘমেয়াদি সহায়তা দেওয়া সম্ভব হবে এবং যারা আন্দোলনে অংশ নিয়ে আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পুনর্বাসনের একটি স্থায়ী কাঠামো গড়ে উঠবে।
এছাড়া, গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরার লক্ষ্যেও এই আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান মন্ত্রী।
বিলটি উপস্থাপনের পর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তা কণ্ঠভোটে দেন।
এ সময় উপস্থিত সংসদ সদস্যরা ‘হ্যাঁ’ বলে বিলের পক্ষে সম্মতি জানান, ফলে বিলটি সর্বসম্মতভাবে পাস হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আইন শুধু একটি কল্যাণমূলক উদ্যোগ নয়, বরং এটি দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তারা বলছেন, এর মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব আরও সুস্পষ্ট হবে এবং সংশ্লিষ্ট পরিবারগুলো একটি নির্দিষ্ট সুরক্ষা কাঠামোর আওতায় আসবে।
এদিকে, আইনটি বাস্তবায়নের ক্ষেত্রে দ্রুত নীতিমালা প্রণয়ন এবং কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন