ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশন শুরু হয়।
অধিবেশনে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। জানা গেছে, বর্তমান অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
এর আগে শনিবার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সময়সূচি ও কার্যসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংসদ সূত্র জানায়, এ অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। রোববার থেকেই রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। পরে সেটি রোববার পর্যন্ত মুলতবি করা হয়।
কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হবে।
এদিকে সংসদ অধিবেশনকে সামনে রেখে বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাব জমা পড়েছে। প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন পাওয়া গেছে।
এ ছাড়া বিধি–৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি–১৩১ অনুযায়ী ৯৭টি সিদ্ধান্ত প্রস্তাবের নোটিশ জমা পড়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়।
একইভাবে ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হন। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।
মন্তব্য করুন