ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত তীব্র আকার ধারণ করেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানি হামলায় সৌদি আরবে মার্কিন বাহিনীর ৫টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়েছে।
বিধ্বস্ত বিমানগুলো সবই সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেইস থেকে কার্যক্রম পরিচালনা করছিল এবং এগুলো রি-ফুয়েলিং অর্থাৎ অন্য যুদ্ধবিমানকে আকাশে জ্বালানি সরবরাহ করার জন্য ব্যবহৃত হচ্ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত বিমানগুলো পুরোপুরি ধ্বংস হয়নি। এগুলো মেরামত করে পুনরায় ব্যবহার করা সম্ভব।
একই সূত্র জানায়, বিমান বিধ্বস্ত হওয়ার সময় কোনো নিহত বা আহত হয়নি। তবে গত শুক্রবার ইরাকের পশ্চিমাঞ্চলে একটি কেসি-১৩৫ রি-ফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়। বিমানের চালক ও সহ-চালকসহ মোট ছয়জন ক্রু ছিলেন, এর মধ্যে চারজন নিহত এবং বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
বিশেষজ্ঞরা বলছেন, রি-ফুয়েলিং বিমানগুলো আকাশে উড্ডয়নরত অবস্থায় অন্য যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহ করে, তাই এগুলোর গুরুত্ব খুব বেশি। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী গত কয়েক দশক ধরে নিয়মিতভাবে এই ধরনের বিমান ব্যবহার করছে এবং এগুলো তাদের সামরিক ক্ষমতার অন্যতম ভিত্তি।
সংঘাতের এই নতুন পর্যায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হওয়ায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।
মন্তব্য করুন