বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অতি শিগগিরই কঠোর অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশে যত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ রয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
মন্ত্রী বলেন, “আমরা কীভাবে তাদের আইনের আওতায় আনবো, সেই পরিকল্পনা এখনই প্রকাশ করতে চাই না। তবে খুব দ্রুতই অ্যাকশন শুরু হবে। কোনো কিছু বাদ থাকবে না।” তিনি আরও জানান, এ বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে কঠোর অবস্থানে রয়েছেন।
চট্টগ্রামে সাম্প্রতিক গোলাগুলির ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই মাস আগে একটি সন্ত্রাসী চক্র এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছিল। পরে ওই ব্যবসায়ীর নিরাপত্তায় পুলিশ প্রহরা দেওয়া হয়। এতে তারা সুবিধা করতে না পেরে পুনরায় হামলার চেষ্টা চালায় এবং ভারী অস্ত্র ব্যবহার করে গোলাগুলির ঘটনা ঘটায়।
তিনি জানান, চট্টগ্রামের ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা ইতোমধ্যে কাজ শুরু করেছে।
বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, নির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দিতে হবে। ঢালাও অভিযোগের জবাব দেওয়া সম্ভব নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আগের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে স্থিতিশীলতা ও জনমনে আস্থা ফিরে আসে।
মন্তব্য করুন