ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান এবং এর জবাবে তেহরানের পাল্টা হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং একাধিক আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত বা বাতিল করা হয়েছে।
বাংলাদেশ থেকেও মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে। রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে থাকে। এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, শনিবার বিকেল চারটার দিকে পরিস্থিতি বিবেচনায় ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিমান বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম জানিয়েছেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বন্ধ রাখা হয়েছে। ইউএস-বাংলা কর্তৃপক্ষও একই সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে দুবাইয়ে থাকা একটি ফ্লাইট সেখানে নিরাপদে অবস্থান করছে।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট রুটগুলোতে ফ্লাইট হোল্ড রাখা হয়েছে। বিমানের বিজি৩৪৯ ফ্লাইটটি দাম্মামের উদ্দেশ্যে রওনা হয়ে মাঝপথ থেকে ঢাকায় ফিরে আসছে।
মধ্যপ্রাচ্যের বাহরাইন, কুয়েত, দুবাই ও **কাতার**সহ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে আগাম তথ্য দেওয়ার নির্দেশনা দিয়েছে। যাত্রীদেরও নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ ছাড়া বিমানবন্দরে না আসার অনুরোধ জানানো হয়েছে।
পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন