অন্তবর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা সব অধ্যাদেশ বিল আকারে আগামী সংসদে পেশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তবর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে উপস্থাপন করা হবে।
আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী জারি করা এসব অধ্যাদেশ সংসদে উপস্থাপন করাই সরকারের দায়িত্ব। তাই নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই সেগুলো সংসদে তোলা হবে।
এ সময় তিনি চাঞ্চল্যকর নরসিংদীর ধর্ষণ মামলার প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, এ মামলায় যারা জড়িত, তাদের যদি কেউ আশ্রয়-প্রশ্রয় দেয়, তবে তাদেরও আইনের আওতায় আনা হবে। অপরাধীদের শেকড় ধরে উপড়ে ফেলার হুঁশিয়ারি দেন তিনি।
মামলাজট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, দেশে মামলার জট একটি প্রকট সমস্যা। এটি নিরসনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকাকালীন যেমন তৎপর ছিলেন, আইনমন্ত্রী হিসেবেও তার চেয়ে বেশি সক্রিয় ভূমিকা দেখা যাবে।
এ সময় ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন