নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে ১৪ উপজেলায় একটি করে ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড’ চালু করছে সরকার। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফ্যামিলি কার্ড চালু করতে গঠিত কমিটির সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় নারীদের স্বাবলম্বী করতে প্রতি কার্ডের বিপরীতে আড়াই হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সারাদেশের ১৪টি উপজেলায় প্রাথমিকভাবে এই কার্ড বিতরণ করা হবে। ১০ মার্চ বগুড়ায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হবে।
এদিকে নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, বিএনপির নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে ১৪টি ইউনিয়নের ১৪টি ওয়ার্ড বাছাই করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে প্রতিটি উপজেলাকে এই সুবিধার আওতায় আনা হবে।
মন্ত্রী আরও জানান, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে ফ্যামিলি কার্ড কর্মসূচি সার্বজনীনভাবে সম্প্রসারণ করা হবে। সরকারের আশা, এই উদ্যোগ নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা জোরদারে সহায়ক হবে।
মন্তব্য করুন