প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’ নিয়ে অমর একুশে বইমেলা-২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল ৩টা ১২ মিনিটে বাংলা একাডেমি প্রাঙ্গণে উদ্বোধন ঘোষণা করা হয়। পরে ফিতা কেটে মেলার দ্বার উন্মুক্ত করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনের আগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ বিষয়ে মঈদুল হাসান পুরস্কার পান।
বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়ে এবারের আয়োজন। ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে; ছুটির দিনে সকাল ১১টা থেকে। মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, ইউনিট সংখ্যা ১ হাজার ১৮।
পরিবেশবান্ধব ‘জিরো ওয়েস্ট’ ভাবনায় পলিথিন ও ধূমপানমুক্ত মেলার উদ্যোগ নেওয়া হয়েছে। লিটল ম্যাগ চত্বরে ৮৭টি পত্রিকা অংশ নিচ্ছে, শিশুপ্রহরে বিশেষ আয়োজন থাকবে। নিরাপত্তায় সিসিটিভি, পুলিশ, র্যাব ও আনসার মোতায়েন রয়েছে।
আয়োজকরা বলছেন, বইমেলা শুধু বাণিজ্যিক আয়োজন নয়; ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এটি বাঙালির সাংস্কৃতিক মিলনমেলা।
মন্তব্য করুন