পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় সেনা শহীদ দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিয়েছেন, তারা চিরস্মরণীয়। পিলখানা হত্যাকাণ্ড শুধু দেশের নয়, বিশ্বের নৃশংসতম হত্যাকাণ্ডগুলোর একটি।
তিনি আরও জানান, ঘটনার পেছনের উদ্দেশ্য অনুসন্ধানে তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হয়নি। পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয় এবং তাদের রিপোর্ট বর্তমানে সরকারের কাছে রয়েছে। তবে সে সময় সুপারিশ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন, নতুন করে আর কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। বিদ্যমান কমিশনের সুপারিশ ও বিচারাধীন মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি অন্যান্য সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
শহীদ পরিবারগুলোর উদ্দেশে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে। তিনি দাবি করেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার একটি পরিকল্পিত চেষ্টা ছিল।
মন্তব্য করুন