পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক বা আইজিপি মো. আলী হোসেন ফকিরকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
এর আগে আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা।
জানা যায়, তিনি বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে প্রথমে চাকরিচ্যুত এবং পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল তাকে।
২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। পরবর্তীতে সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান তিনি।
নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করা এবং বাহিনীর পেশাদারিত্ব আরও উন্নত করাই এখন তার সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন