ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়সহ দেশের বিভিন্ন উপজেলা ও থানায় কর্মরত এসব কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলি হওয়া কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে। অফিস আদেশে উল্লেখ করা হয়, সংশ্লিষ্টদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে, তারা ওইদিন অপরাহ্ণে স্বয়ংক্রিয়ভাবে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত বলে গণ্য হবেন।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে এটিই কমিশনের পক্ষ থেকে নেওয়া সবচেয়ে বড় বদলির উদ্যোগ। সামনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার পর্যায়ে বড় পরিসরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই মাঠ পর্যায়ে এই রদবদলকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে একই দিনে ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়ন–এর রাষ্ট্রদূত। বৈঠকে তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও ইসির পাশে থাকার প্রতিশ্রুতি দেন বলে জানা গেছে।
মন্তব্য করুন