সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সংক্ষেপে পিএসও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান–এর উপস্থিতিতে তাকে আনুষ্ঠানিকভাবে লেফটেন্যান্ট জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এ অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নবনিযুক্ত পিএসওকে শুভেচ্ছা জানান।
আইএসপিআর জানায়, দায়িত্ব গ্রহণের মাধ্যমে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান আজ থেকেই সশস্ত্র বাহিনী বিভাগের কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেবেন। প্রিন্সিপাল স্টাফ অফিসার পদটি সশস্ত্র বাহিনীর সমন্বয়, নীতি নির্ধারণ এবং কৌশলগত দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
উল্লেখ্য, ১৯৯১ সালের ২১ জুন কোর অব ইনফ্যান্ট্রিতে কমিশন লাভ করেন তিনি। দীর্ঘ সামরিক জীবনে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালক এবং সামরিক সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনীর প্রশাসনিক ও কৌশলগত কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সরকারও আশা করছে, তার নেতৃত্বে সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় হবে।
মন্তব্য করুন