বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি শীর্ষ পদে রদবদল করা হয়েছে। রোববার দুপুরে সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ এই পদে তার নিয়োগকে প্রশাসনিক ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে, সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত পদে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। কূটনৈতিক দায়িত্বে তার এই পদায়নকে সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।
এ ছাড়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। একই সঙ্গে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেলে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই রদবদল সেনাবাহিনীর সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্ব কাঠামোকে আরও গতিশীল করবে।
মন্তব্য করুন