ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী জানান, সংসদ অধিবেশন আহ্বানের প্রক্রিয়া অনুযায়ী জাতীয় সংসদ সচিবালয় থেকে একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। সেখান থেকে তা রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অধিবেশন আহ্বান করবেন। সেই অনুযায়ী ১২ মার্চ অধিবেশন বসার তারিখ নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন একটি গুরুত্বপূর্ণ কার্যসূচি হিসেবে থাকবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে, যাতে সেগুলো নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা যায়।
সংসদীয় প্রথা অনুযায়ী অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব গ্রহণ করা হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির ভাষণ অনুষ্ঠিত হবে, যেখানে সরকারের নীতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার দিকনির্দেশনা তুলে ধরা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্ধারিত সাংবিধানিক প্রক্রিয়া মেনেই অধিবেশন আহ্বান করা হচ্ছে এবং সংসদের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।
এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
মন্তব্য করুন