চাঁদা দাবিকে কেন্দ্র করে রাজধানীর আদাবরে একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদাবরে একটি অফিসে ঢুকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর খবর তার কাছেও এসেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে পরিবর্তন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, কিছু পরিবর্তন আসবে এবং তা শিগগিরই কার্যকর হতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এদিকে সংসদের আসন্ন অধিবেশন নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, রাষ্ট্রপতির মাধ্যমে সংসদ অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন জারির নিয়ম অনুযায়ী নির্ধারিত তারিখের কমপক্ষে ১৫ দিন আগে প্রজ্ঞাপন দিতে হয়। জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে এবং সেখান থেকে রাষ্ট্রপতির অনুমোদনের পর অধিবেশন আহ্বান করা হবে।
আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন আহ্বান করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রণীত অধ্যাদেশগুলো উপস্থাপন, শোক প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণ অনুষ্ঠিত হবে।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন পরবর্তী সময়ে চূড়ান্ত করা হবে।
মন্তব্য করুন