আজ রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান দুই রাজনৈতিক নেতার সঙ্গে সৌহার্দ্য সাক্ষাৎ করতে যাচ্ছেন। তথ্য অনুযায়ী, তিনি প্রথমে সন্ধ্যা ৭টায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং রাত ৮টায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় যাবেন।
বিএনপির সূত্র জানায়, এই পদক্ষেপ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের একটি দৃষ্টান্ত স্থাপন করবে। দীর্ঘদিন ধরে চলে আসা বিভেদ ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে এটি অন্তর্ভুক্তিমূলক ও সমঝোতামূলক রাজনৈতিক সংস্কৃতির পথ প্রদর্শন করবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি একাই জয়ী হয়েছে ২০৯টি আসনে। জোটের অন্যান্য শরিকরা পেয়েছে আরও ৩টি আসন। ফলে পরবর্তী সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২।
এ বিজয়ে শুভেচ্ছা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, “সর্বজনীন গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। আপনার নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ আরও শক্তিশালী হবে।”
মন্তব্য করুন