চট্টগ্রামের চানখারপুলে ২০২৪ সালের ৫ আগস্ট ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২:৩০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল ঘোষণা করেছেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি দুই ব্যক্তি হলেন—ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম।
বাকি আসামিদের মধ্যে রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ছয় বছর, শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে চার বছর এবং কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলামের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
আট আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন চারজন—আরশাদ, সুজন, ইমন ও নাসিরুল। অন্য চারজন হাবিব, আখতারুল, সুদীপ ও ইমরুল এখনও পলাতক।
ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করা হয়েছে, চানখারপুলে ছয়জনকে হত্যার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। ওয়্যারলেস বার্তায় হাবিবুর রহমানের অধস্তনদের মারণাস্ত্র ব্যবহার নির্দেশ করার বিষয়টিও প্রমাণিত হয়েছে।
এই মামলায় মোট ২৬ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। জব্দ তালিকায় রয়েছে ১৯টি ভিডিও, ১১টি পত্রিকার প্রতিবেদন, দুটি অডিও রেকর্ডিং, বই ও ছয়টি মৃত্যুসনদ। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে গত ২৪ ডিসেম্বর রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল।
চানখারপুল হত্যাকাণ্ডে প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে ছিলেন শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইশমামুল হক ও মানিক মিয়া।
মন্তব্য করুন