রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। তবে কী উদ্দেশ্যে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে—তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, “আজ ভোরে দুটি পৃথক স্থানে—মেরুল বাড্ডা ও শাহজাদপুরে—দুটি বাসে আগুন দেওয়ার খবর পাই। আমাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে বা কে দিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।”
তিনি আরও জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ করে যানবাহনে আগুনের ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
মন্তব্য করুন