বৃষ্টির প্রভাবে দীর্ঘ চার মাস ধরে ঊর্ধ্বমুখী থাকা সবজির দাম এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে। রাজধানীর বাজারে দেখা দিয়েছে শীতের আগমনী আমেজ, সবজির ঝুড়িতে ফিরেছে স্বস্তি।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশ কয়েকটি সবজির দাম কমেছে ১৫ দিনের ব্যবধানে। আজকের বাজারে সবচেয়ে কম দামের সবজি পেঁপে, বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০ টাকায়। আলুও একই দামে মিলছে। তবে বেগুন, বরবটি, ঢেঁড়স, করলা, শসা ও শিমের দাম ৮০ টাকায় ঘুরপাক খাচ্ছে।
নতুন উঠা শালগম মিলছে কেজিপ্রতি ১০০ টাকায়, টমেটো ১২০ টাকায় এবং কাঁচা মরিচের দাম এখনও কেজিপ্রতি ১৬০ টাকায়। সবজি বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে কিছু ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় দাম আবার কিছুটা বেড়েছে, তবে শীত নামলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম আরও কমে আসবে।
বাজার করতে আসা ক্রেতারা বলছেন, আগের তুলনায় এখন দাম কিছুটা সহনীয় হলেও অনেক সবজিই এখনো নাগালের বাইরে। বিক্রেতারা আশা করছেন, ডিসেম্বর নাগাদ সবজির দাম স্থিতিশীল হবে।
মন্তব্য করুন