বাংলাদেশের রাজনীতিতে আবারও চমক সৃষ্টি করেছেন অর্থনীতিবিদ ও রাজনীতিক রেজা কিবরিয়া। গণফোরাম ও গণঅধিকার পরিষদে রাজনৈতিক পথচলার পর এবার তিনি যোগ দিয়েছেন বিএনপিতে।
বুধবার দৈনিক একটি পত্রিকাকে তিনি নিশ্চিত করেছেন, ইতোমধ্যে তিনি বিএনপির প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছেন এবং অচিরেই আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।
রেজা কিবরিয়া বলেন, “আমি বিএনপিতে যোগদান করেছি, প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি। এবার ধানের শীষ প্রতীকে আমার এলাকায় নির্বাচন করব।”
উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোরামে যোগ দেন রেজা কিবরিয়া এবং দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর ঐক্যফ্রন্টের ব্যানারে হবিগঞ্জ-১ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন।
পরে তিনি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হন। কিছুদিন পর ব্যক্তিগত কারণে রাজনীতি থেকে কিছুটা দূরে সরে যান। পরে গঠন করেন আমজনতার দল। দীর্ঘ নীরবতার পর আবারও আলোচনায় ফিরে এলেন বিএনপির ব্যানারে।
মন্তব্য করুন