নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে গিয়েই ভাগ্য খুলে গেল বরগুনার জেলেদের। পাথরঘাটার এফবি সাফওয়ান ৩ নামের একটি ট্রলারে ধরা পড়েছে প্রায় ১৭০ মণ ইলিশ। তবে ট্রলার বোঝাই হয়ে যাওয়ায় ১৪০ মণ মাছ নিয়েই ঘাটে ফিরতে হয়েছে তাদের।
শুক্রবার সকালে জেলেরা পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে পৌঁছে সাইজ অনুযায়ী ২২ থেকে ২৭ হাজার টাকা মণ দরে ইলিশগুলো বিক্রি করেন মোট ৩১ লাখ ৫০ হাজার টাকায়।
জেলেরা জানান, গত ২৯ অক্টোবর পাথরঘাটা থেকে সাগরে মাছ ধরতে যান তারা। কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীরে জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ধরা পড়ে ইলিশ। এত মাছ ধরা পড়ায় ট্রলারের তিনটি মাছ রাখার কল ভরে যায়। কিছু মাছের জন্য জালও কেটে ফেলতে হয়েছে বলে জানান মাঝি রুবেল।
ট্রলারের মালিক মানিক মিয়া বলেন, অনেক দিন ধরেই তেমন মাছ পাওয়া যাচ্ছিল না। এবার এক ট্রিপেই প্রচুর মাছ ধরা পড়ায় আগের লোকসান কিছুটা পুষিয়ে যাবে।
পাথরঘাটা বিএফডিসির মৎস্য গবেষক বিপ্লব কুমার সরকার বলেন, মা ইলিশ ডিম ছাড়ার পর আবার সাগরে ফেরে। হয়তো ওই ট্রলারটি ইলিশের একটি বড় ঝাঁকে জাল ফেলতে সক্ষম হয়েছে।
মন্তব্য করুন