বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের গণভোটের সুযোগ নেই। বর্তমান রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, সরকার মিথ্যা বলে জাতির সঙ্গে প্রতারণা করছে, যা বন্ধ করতে হবে।
শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘একটি মহল পরিকল্পিতভাবে একাত্তরকে ভুলিয়ে দিতে চায়। কিন্তু জাতি ভুলবে না, কারণ একাত্তরেই আমাদের জন্ম। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি আবারও ষড়যন্ত্রে লিপ্ত।’
তিনি আরও বলেন, ‘অভ্যুত্থানের তিন মাসের মধ্যে নির্বাচন হলে অপশক্তি মাথা তুলতে পারত না। আমাদের ৩১ দফার সব সংস্কারের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমরা সংস্কারের পক্ষে। পিআর হবে কি না, সে সিদ্ধান্ত নেবে সংসদ। কিন্তু পিআর না হলে নির্বাচন হবে না—এই বলে মানুষকে বোকা বানানো হচ্ছে।’
এ সময় তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন—তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানাই।
মির্জা ফখরুল বলেন, ‘সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।’
মন্তব্য করুন