রাজধানীর নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় মধ্যরাতে সংঘর্ষে জড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
চোখের সামনে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ চলতে থাকে টানা বেশ কিছু সময় ধরে। এতে স্থানীয় দোকানপাট বন্ধ হয়ে যায়, আতঙ্কে সাধারণ মানুষ দিকবিদিক ছুটোছুটি করে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশের হস্তক্ষেপে। সরেজমিনে দেখা গেছে, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ ছাত্রনেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর জানান, শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। এরপরই তা ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে।
তিনি বলেন, উভয় পক্ষকে সরিয়ে দিয়ে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি যদি পরিকল্পিত হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন