নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
সোমবার (১৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমান এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।
আইভীর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এস. এম. সিদ্দিকুর রহমান। তিনি আদালতে বলেন, “আইভী একজন স্বচ্ছ রাজনীতিবিদ। তিনি তিনবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও একবার পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তার গ্রেপ্তারে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।”
অন্যদিকে আইনজীবী মাহবুবুর রহমান মাসুম জানান, “আমরা জেলখানায় আইভীকে ডিভিশন প্রদানের আবেদন জানিয়েছিলাম। আদালত জেল কর্তৃপক্ষকে তাকে ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন।”
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ।
মন্তব্য করুন