গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।
(২৮ অক্টোবর) মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার আনসার ও ভিডিপি একাডেমি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা চন্দ্রার দিকে যাচ্ছিল, অন্যটি সফিপুরের দিকে আসছিল। এ সময় দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই অটোরিকশার ৪ যাত্রী আহত হন।
স্থানীয়রা জানান, এ ঘটনায় কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগ রয়েছে, মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ থাকা সত্ত্বেও সফিপুর-চন্দ্রা সড়কে বেপরোয়াভাবে চলছে এসব যান। প্রায়ই উল্টো পথে চলাচলের কারণে ঘটছে দুর্ঘটনা। হাইওয়ে পুলিশ মাঝে মধ্যে উল্টো পথে চলা অটোরিকশা আটক করে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করে ছেড়ে দেয় বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খানের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।