গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাদ আসর কালীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী রবিউল ইসলাম মিঠুনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রবিউল ইসলাম মিঠুন যুবদলের অতীতের আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ভূমিকার কথা তুলে ধরে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলনের নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
তিনি বলেন, এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করে মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করতে চান। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতা মোকাবিলায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাওলানা মো. মোশাররফ হোসেনের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।