একসময় বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্ন দেখত বাংলাদেশ। আর এখন জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মতো দলকে হারানোই যেন বড় চ্যালেঞ্জ। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের বিদায় আবারও সামনে এনেছে দেশের ক্রিকেটের ব্যর্থতা, বিশেষ করে বিদেশের মাটিতে ব্যাটিংয়ের দুর্বলতা।

আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ খেলতে নামে বাংলাদেশ। কিন্তু শুরুতেই জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হারে দল। এরপর আফগানিস্তানের বিপক্ষে ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে জয়ের পাশাপাশি প্রয়োজন ছিল বড় ব্যবধানের জয়। আগে ব্যাট করায় বাংলাদেশকে জিততে হতো অন্তত ৪১ রানে।

কিন্তু সেই গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র সাত ওভারের মধ্যে ২৮ রানেই টপ অর্ডারের চার ব্যাটার সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত ৪১ দশমিক ২ ওভারে মাত্র ১৬০ রানে অলআউট হয় দল। জবাবে মাত্র তিন উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নেয় আফগানিস্তান। ফলে টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় বাংলাদেশকে। ফাইনালে মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

সাম্প্রতিক পরিসংখ্যানও বাংলাদেশের জন্য উদ্বেগজনক। সর্বশেষ সাত ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় মাত্র একটি। আর জিম্বাবুয়ের বিপক্ষে শেষ সাত ম্যাচে জয় এসেছে মাত্র দুটিতে। একসময় বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ফরম্যাট হিসেবে বিবেচিত ওয়ানডে ক্রিকেটেই এখন ধারাবাহিকতা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।

দেশের মাটিতে অবশ্য চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। কিন্তু দেশের বাইরে খেলতে গেলেই যেন উন্মোচিত হচ্ছে দলের দুর্বলতা। ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচের কোনোটিতেই দুইশ রান করতে পারেনি দল। সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়দের ব্যাটিং নিয়েও উঠছে প্রশ্ন। টপ অর্ডার ব্যর্থ হলে মিডল অর্ডারও ম্যাচে ভরসা দিতে পারছে না। বোলিংয়েও তাসকিন আহমেদ ছাড়া কার্যকর প্রভাব রাখার মতো পারফরম্যান্স চোখে পড়েনি। ইনজুরির কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা পেসার নাহিদ রানার অভাবও আলোচনায় এসেছে।

দল নির্বাচন নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক ওপেনার ইমরুল কায়েস। তাঁর মতে, জাতীয় দল নির্বাচনে মেধা ও পারফরম্যান্সকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আবেগপ্রবণ সিদ্ধান্ত কিংবা স্বজনপ্রীতির কোনো জায়গা থাকা উচিত নয়। তাঁর ভাষ্য, ক্রিকেট পুরো জাতির প্রতিনিধিত্ব করে, তাই দল নির্বাচন হতে হবে নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায়।

অন্যদিকে, ত্রিদেশীয় সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করা তাওহিদ হৃদয় স্বীকার করেছেন, দেশের বাইরে বাংলাদেশের পারফরম্যান্স দীর্ঘদিন ধরেই হতাশাজনক। তাঁর মতে, বাইরের কন্ডিশনে দ্রুত মানিয়ে নেওয়া এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলার ক্ষেত্রে ব্যাটাররা ব্যর্থ হচ্ছেন। বড় সিরিজ কিংবা বিশ্বকাপে ট্রফি জেতার কথা বলা হলেও মাঠের পারফরম্যান্সে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে এই ব্যর্থতা বাংলাদেশের জন্য বড় সতর্কবার্তা। বিশ্বকাপের এক বছরেরও কম সময় বাকি থাকতে এশিয়া কাপসহ হাতে থাকা টুর্নামেন্টগুলোতে নিজেদের ভুল শুধরে ঘুরে দাঁড়াতে না পারলে আসন্ন বিশ্বকাপে কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে টাইগাররা।