যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল—বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডি।
মঙ্গলবার, ২০ অক্টোবর দিবাগত রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার, ২১ অক্টোবর সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার, সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস, মো. ছুফি উল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
সিআইডির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশ্নফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় সোহাগ ফকিরের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর রাজৈর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোনসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।
সিআইডি সূত্র জানায়, মামলার তদন্ত এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোহাগ ফকিরের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া আসামিকে আদালতে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষাটি স্থগিত করা হয়। এ ঘটনায় পরদিন, ১১ অক্টোবর রাজধানীর মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়।
ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় সোহাগ ফকিরকে গ্রেফতার করল সিআইডি। তবে প্রশ্নফাঁসের ঘটনায় তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।