যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক সাংবাদিকের উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। মঙ্গলবার ওয়াশিংটনের হোয়াইট হাউসের ওভাল অফিসে এক অনুষ্ঠানে গলফ কোর্স নিয়ে প্রশ্ন করায় ওই সাংবাদিককে বারবার চুপ থাকতে বলেন ট্রাম্প। একপর্যায়ে তিনি প্রশ্ন করেন, ‘আপনি কি অসুস্থ?’
ঘটনাটি ঘটে সন্দেহভাজন সরকারি জালিয়াতির তথ্য দেওয়া ব্যক্তিদের আর্থিক পুরস্কার দেওয়ার নতুন কর্মসূচি ঘোষণার অনুষ্ঠানে। সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘অপেক্ষা করুন, চুপ থাকুন। আপনার কী হয়েছে? আপনি কি অসুস্থ? আমার মনে হয়, আপনার আসলেই কিছু একটা সমস্যা আছে।’ এর আগে একই সংবাদ সম্মেলনে সাংবাদিককে ‘সাবধানে থাকতে’ বলেও সতর্ক করেছিলেন তিনি।
সাংবাদিকের প্রশ্নটি ওয়াশিংটনের ইস্ট পোটোম্যাক পার্কের ঐতিহাসিক পাবলিক গলফ কোর্স সংস্কারের পরিকল্পনা নিয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর কোর্সটি বন্ধ করে প্রায় ১৫ মাস ধরে সংস্কারকাজ চালানোর পরিকল্পনা রয়েছে। লক্ষ্য, এটিকে বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের উপযোগী করা।
তবে পরিবেশ ও ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের প্রয়োজনীয় পর্যালোচনা এড়িয়ে যাওয়ার অভিযোগ তুলে স্থানীয় গলফার ও সংরক্ষণবাদীরা প্রকল্পটির বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন।
এদিকে, ওই এলাকায় জাতীয় উদ্যান পরিষদের কর্মীরা চার শতাধিক গাছ কেটে ফেলায় বিতর্ক আরও বেড়েছে। পরবর্তী গাছ কাটা সাময়িকভাবে বন্ধ রাখতে ফেডারেল আদালত ২৬ অক্টোবর পর্যন্ত নির্দেশ দিয়েছেন। প্রশাসনের দাবি, গাছ কাটার সঙ্গে ট্রাম্পের প্রস্তাবিত পুনর্নির্মাণ পরিকল্পনার সম্পর্ক নেই। তবে সমালোচকদের আশঙ্কা, উন্নয়ন প্রকল্পের ফলে সাধারণ মানুষের জন্য জনপ্রিয় বিনোদনকেন্দ্রটির প্রবেশাধিকার সীমিত হয়ে পড়তে পারে।