কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর শয্যা (বেড) কেটে দেওয়ার বিষয়ে তথ্য জানতে গিয়ে চরম দুর্ব্যবহার ও অশোভন আচরণের শিকার হয়েছেন এক সাংবাদিক। অভিযোগ উঠেছে, খোদ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নূর মো. শামসুল আলম তথ্য দেওয়া তো দূরের কথা, ওই সাংবাদিককে 'তুই' সম্বোধন করে অসংলগ্ন ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন।
​ভুক্তভোগী সাংবাদিক মো. মাহফুজুল হক খান জিকু 'ইন্টার টিভি'র কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
​ঘটনাটি ঘটে গত ১৭ অক্টোবর। হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর শয্যা কেটে দেওয়া সংক্রান্ত অভিযোগের সত্যতা যাচাই করতে মাহফুজুল হক খান জিকু মুঠোফোনে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নূর মো. শামসুল আলমের সঙ্গে যোগাযোগ করেন।
​কথোপকথনের একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে পরিচালক ওই সাংবাদিককে বলেন
​"তুই তোর বাপ তারেক রহমানকে বল, হাসপাতালে ডাক্তার দিতে। তুই আমাকে ফোনে বিরক্ত করছিস কেন?"
​সহকর্মী ও স্বজনদের সামনে বিব্রত সাংবাদিক জিকু খান জানান, পরিচালকের সঙ্গে কথা বলার সময় তাঁর মুঠোফোনটি লাউডস্পিকারে চালু ছিল। সে সময় তাঁর চারপাশে সহকর্মী সাংবাদিক এবং চিকিৎসাধীন রোগীর স্বজনেরা উপস্থিত ছিলেন। সবার সামনে একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার এমন অশোভন ও "তুই-তোকারি" আচরণে তিনি চরম বিব্রত ও মর্মাহত হয়েছেন।
​জিকু খান ক্ষোভ প্রকাশ করে বলেন, "হাসপাতালের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল প্রধানের কাছ থেকে এ ধরনের ভাষা ও আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়।"
​ঘটনা সম্পর্কে ডা. নূর মো. শামসুল আলমের অবস্থান ও বক্তব্য জানতে পরবর্তীতে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। এমনকি তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। ফলে এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।