গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নে পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধের জেরে সোহরাবের পরিবারের ওপর হামলা, মারধর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট এবং বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে মাহাবুর ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে মাহাবুর নিরবসহ একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে অভিযোগকারীর বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে প্রতিবাদ করতে গেলে অভিযোগকারীর বাবা সোহরাব ও মা শেফালির ওপর হামলা চালানো হয় বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
অভিযোগে আরও বলা হয়, হামলায় সোহরাব ও শেফালি আহত হন। এ ছাড়া অভিযোগকারীকে মারধর করে তাঁর কাছ থেকে আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন এবং নগদ ৫ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
একই সময় বসতবাড়ির টিনের ঘর ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তদের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে তাঁদের অভিযোগ। ঘটনার পর আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।