লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে একটি ভারতীয় মোটরসাইকেল ও আট পিস ইয়াবা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৮ অক্টোবর) ভোরে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ ধবলসূতি ও পঁয়ষট্টিবাড়ি বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।

৬১ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রোববার রাত ৩টার দিকে ধবলসূতি বিওপির বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ৮০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় মোটরসাইকেল আটক করে।

এদিন সকাল ৬টা ১০ মিনিটে পঁয়ষট্টিবাড়ি বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিঠাইবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আট পিস ভারতীয় ইয়াবা আটক করে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক করা মোটরসাইকেল ও মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ২ লাখ ৭১ হাজার ৪০০ টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।