​কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে পাটোয়ারটেক সমুদ্রসৈকত সংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭ জন পর্যটক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এতে দগ্ধ ও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার (১৭ অক্টোবর) সকালে মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত সম্পূর্ণ কাঠের তৈরি ‘টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্ট’-এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৫তম আবর্তনের রসায়ন বিভাগের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা এবং একই বিশ্ববিদ্যালয়ের ২০তম আবর্তনের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আব্দুল আহাদ সরকারের পরিবারের ছয় সদস্য রয়েছেন।

​উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৭টা থেকে ৮টার মধ্যে তিন তলা বিশিষ্ট কাঠের তৈরি ওই রিসোর্টটিতে হঠাৎ আগুন লেগে যায়। কাঁচামাল হিসেবে কাঠ ব্যবহার করায় মুহূর্তের মধ্যেই পুরো স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো ভবনটি ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

​দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার দোলন আচার্য বলেন, “নিহত ব্যক্তিরা সবাই পর্যটক। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই আমাদের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। রিসোর্টটি কাঠে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে আমরা কাজ করছি।”

​অগ্নিকাণ্ডে স্বজন ও সহপাঠী হারানোর শোকে আচ্ছন্ন নিহতদের পরিবার ও জবি প্রাঙ্গণ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরিবারের অপূরণীয় ক্ষতির কথা জানিয়ে জবি শিক্ষার্থী আব্দুল আহাদ সরকার লিখেছেন, “কক্সবাজারের ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় একসাথে আমার পরিবারের ৬ জন সহ মোট ৭ জন মারা গেছেন। সবাই দোআ করবেন, আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার এবং শিক্ষার্থী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​উদ্ধার করা নিহতদের মধ্যে ঢাকা বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভীর (২৩) পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। আহত ও দগ্ধ ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।