ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্টের বাসভবন ও দপ্তর আল-মাশিক প্রাসাদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি গোষ্ঠী। হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য এসেছে।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, দক্ষিণ ইয়েমেনের বন্দরনগরী এডেনে এ হামলার ঘটনা ঘটে। সরকারি সূত্রের বরাতে জানা গেছে, হামলার সময় প্রাসাদে সরকারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। তবে প্রধানমন্ত্রী শায়া আল-জিন্দানি ও মন্ত্রিসভার অন্য সদস্যরা নিরাপদে আছেন বলে জানিয়েছে সরকারের তথ্য মন্ত্রণালয়।
ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী কাসেম বুহাইবেহ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, নিহত ও আহতদের মধ্যে প্রাসাদের নিরাপত্তারক্ষী এবং সেখানে কর্মরত বেসামরিক কর্মীরাও রয়েছেন। তিনি হামলাটিকে ২০২০ সালের ডিসেম্বরে এডেন বিমানবন্দরে ইয়েমেনি সরকারকে লক্ষ্য করে চালানো হামলার পুনরাবৃত্তি বলে উল্লেখ করেন। একই সঙ্গে বলেন, সরকার জনগণের মধ্যে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
সরকারি বার্তা সংস্থা সাবার প্রতিবেদনে বলা হয়েছে, প্রাসাদের আশপাশের বেসামরিক বাড়িঘরেও গোলাবর্ষণ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে প্রাসাদ এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।
অন্যদিকে, হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, আল-মাশিক প্রাসাদকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া কাসিম সারী টেলিগ্রামে দাবি করেন, এডেনে সৌদি সামরিক অভিযান পরিচালনার সদর দপ্তরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সৌদি সামরিক উপস্থিতি রয়েছে—এমন যেকোনো স্থানকে তারা হামলার বৈধ লক্ষ্য বলে মনে করে বলেও জানান তিনি।
ইয়েমেনে ২০১৪ সালে হুথিদের সঙ্গে তৎকালীন সরকারের গৃহযুদ্ধ শুরু হয়। ২০১৫ সালে হুথিরা রাজধানী সানা দখল করলে প্রেসিডেন্ট আব্দরাব্বুহ মনসুর হাদি সৌদি আরবে পালিয়ে যান। এরপর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। সংযুক্ত আরব আমিরাত ২০২৫ সালে জোট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
দীর্ঘ সংঘাতের পর ইয়েমেন কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। রাজধানী সানাসহ উত্তরাঞ্চলের বড় অংশ হুথিদের নিয়ন্ত্রণে, আর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেন। আল-মাশিক প্রাসাদও এ শহরেই অবস্থিত।
জুলাইয়ে হুথি ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে নতুন করে লড়াই শুরু হওয়ার পর প্রাসাদে এটিই প্রথম হামলা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।