নজরুল প্রিমিয়ার লীগ (এনপিএল) টুর্নামেন্ট চলাকালে অন্য গ্রুপের বল সীমানার ভেতরে চলে যাওয়াকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চার দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এনপিএল টুর্নামেন্ট চলাকালে এ ঘটনার সূত্রপাত হয়। পরে খেলার মাঠ, অগ্নিবীণা হলের সামনে, কলা ভবনের সামনে ও পেছনে চার দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আহত ছয় শিক্ষার্থীর মধ্যে প্রথমে চারজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আরও দুজনকে হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এনপিএল চলাকালে খেলার মাঠের বাউন্ডারির ভেতরে বল চলে যাওয়াকে কেন্দ্র করে টুর্নামেন্টের আয়োজক ও বাউন্ডারির পাশে ফুটবল খেলতে থাকা শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও গালিগালাজ হয়। খেলা শেষে বিরোধ মীমাংসার জন্য দুই পক্ষ একত্র হলে আবারও কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এ সময় ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী শুভকে ২০ ব্যাচের এক শিক্ষার্থী চড় মেরেছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, এ ঘটনার প্রতিশোধ নিতে অগ্নিবীণা হল ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে এনপিএল আয়োজক কমিটির সদস্য সিফাত, নাসিম ও আরেক খেলোয়াড়কে লাঠিসোঁটা দিয়ে মারধর করেন মাঠে ফুটবল খেলতে আসা ইংরেজি এবং লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা। পরে অভিযুক্তরা কলা ভবনের সামনে অবস্থান নেন।

এরপর ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও আয়োজক কমিটির সদস্য সিফাতের নেতৃত্বে প্রায় শতাধিক শিক্ষার্থী কলা ভবনের সামনে জড়ো হন। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে কলা ভবনের সামনে অবস্থান নেওয়া ইংরেজি এবং লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের একটি দল সেখান থেকে পালিয়ে যায়।

পরে তাঁদের খুঁজতে গিয়ে কলা ভবনের পেছনে তিনজনকে পাওয়া যায়। এ সময় তাঁদের রড ও স্ট্যাম্প দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত শিক্ষার্থীরা তাঁর সঙ্গেও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলে জানা গেছে।

এদিকে মারধরের ঘটনার ভিডিও ধারণ করতে গেলে বিশ্ববিদ্যালয়ে কর্মরত আরটিভির প্রতিনিধি আবু তাহেরের ওপরও চড়াও হন শিক্ষার্থীরা। এ সময় তাঁর মুঠোফোন কেড়ে নিয়ে জোরপূর্বক ধারণ করা ভিডিও মুছে ফেলা হয়। পাশাপাশি তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

পরে আহত ইংরেজি, লোকপ্রশাসন ও চারুকলা বিভাগের শিক্ষার্থী রবিউল, সাকিব, রাফি ও রোমানকে ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য পক্ষের দিদারুল ইসলাম আঘাত পেয়ে ত্রিশাল মেডিকেল সেন্টারে ভর্তি হন। এ ছাড়া সিফাত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে যান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, প্রক্টরসহ প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ সময় শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা এবং সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, “ক্যাম্পাসে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা কখনোই কাম্য নয়। মোট ৬ জন আহত বলে জেনেছি। বিষয়টি নিয়ে পরে কথা বলতে পারব।”