শ্রী শ্রী দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে। তবে ২৩ ও ২৪ অক্টোবর সরকারি ছুটি থাকায় মোট ৯ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত রেজিস্ট্রার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী শ্রীশ্রী দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের মালি, নিরাপত্তা প্রহরী ও জরুরি সেবার আওতাভুক্ত কর্মীরা যথারীতি দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বিভিন্ন দপ্তর ও বিভাগে অফিস সহায়ক হিসেবে কর্মরত নিরাপত্তা প্রহরীদের সহযোগী রেজিস্ট্রার (সিকিউরিটি) এর অধীনে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য নির্দেশনাক্রমে অনুরোধ করা হয়েছে।

এছাড়াও ছুটি শেষে পরবর্তী কর্মদিবসে নিজ নিজ বিভাগ ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি-অনুপস্থিতির তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষকে জানানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।