মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে পরিচালিত ডোপ টেস্টে জেলা পুলিশের এক সদস্যের শরীরে মাদকের উপস্থিতি ধরা পড়েছে। মাদক সেবনের তথ্য মেলায় মো. ওসমান গনি নামের ওই ড্রাইভার কনস্টেবলের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা পুলিশ প্রশাসন।
​মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তার এই ডোপ টেস্ট সম্পন্ন হয়।
​হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্দেহভাজন হিসেবে কনস্টেবল ওসমান গনিকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মো. শামসুল আলম পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডোপ টেস্টের চূড়ান্ত প্রতিবেদনটি ইতোমধ্যে কিশোরগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে।
​অভিযুক্ত মো. ওসমান গনি জেলা পুলিশের ড্রাইভার কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি ঢাকা জেলার ধামরাই থানার সাহাবেলীশ্বর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে।
​মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি
​এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান স্পষ্ট জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
​“মাদকের বিষয়ে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। এই নীতি সর্বসাধারণের পাশাপাশি পুলিশ সদস্যদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। বাহিনীর ভেতরে মাদকের কোনো স্থান নেই। কোনো সদস্যের যেন মাদকের সঙ্গে ন্যূনতম সম্পৃক্ততা না থাকে, তা নিশ্চিত করতেই সন্দেহভাজনদের নিয়মিত ডোপ টেস্ট করানো হচ্ছে।”
​পুলিশ সুপার আরও জানান, এই নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই কনস্টেবল ওসমান গনির ডোপ টেস্ট করানো হয়। পরীক্ষায় মাদক সেবনের প্রমাণ মেলায় তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।