ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়জীবনের শুরুতে কয়েকটি ধারাবাহিক নাটকে কাজ করলেও পরবর্তী সময়ে একক নাটকেই বেশি মনোযোগী হন তিনি। দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিক নাটকে ফিরেছেন এই অভিনেত্রী। পাশাপাশি নিজের বিয়ে নিয়েও সম্প্রতি কথা বলেছেন তিনি।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে হিমি জানান, তাঁর মা-বাবা সবসময়ই এ বিষয়ে তাঁকে স্বাধীনতা দিয়েছেন। বিয়ে ভাগ্যের বিষয় উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ তাআলা কার ভাগ্যে কী লিখে রেখেছেন, তা আগে থেকে জানা সম্ভব নয়।

হিমি আরও বলেন, তিনি সত্যিই ভাগ্যবান। কারণ, পরিবার থেকে বিয়ের বিষয়ে কখনোই তাঁকে কোনো চাপ দেওয়া হয় না।

গত ৪ অক্টোবর ছিল এই অভিনেত্রীর জন্মদিন। জন্মদিনের পরও নতুন কাজ ও অভিনয়ের ব্যস্ততায় সময় কাটছে তাঁর।

এদিকে দীর্ঘ বিরতির পর তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকের মাধ্যমে আবারও নিয়মিত ধারাবাহিকে অভিনয় করছেন হিমি। অভিনেত্রীর ভাষ্য, একক নাটক জনপ্রিয় হলে অনেক সময় দর্শক পরবর্তী পর্ব দেখার আগ্রহ প্রকাশ করেন। দর্শকদের সেই চাহিদার কথা বিবেচনা করেই ধারাবাহিকটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

‘প্রথম প্রেমের গল্প’-এর নতুন পর্ব ১২ অক্টোবর থেকে প্রতি সোম ও মঙ্গলবার এনএএফ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে।