মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।

সোমবার, ১২ অক্টোবর, এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালনের জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নিজেদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সম্পর্কিত যেকোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। তাই ফেসবুক, ইউটিউব, এক্সসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া, এসব ছবি, ভিডিও কিংবা সংবেদনশীল তথ্য মুঠোফোনে সংরক্ষণ করা এবং অন্যদের সঙ্গে শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

জরুরি প্রয়োজনে প্রবাসীদের যোগাযোগের জন্য কয়েকটি হটলাইন নম্বর দিয়েছে দূতাবাস। শ্রমসংক্রান্ত বিষয়ে টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৫, পাসপোর্টসংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৬ এবং ডিপ্লোমেটিক উইংয়ের নম্বর ৮০০১০০০১২৪। মৃত্যুসংক্রান্ত জরুরি প্রয়োজনে যোগাযোগ করা যাবে +৯৬৬৫৭০২১২১৮০ নম্বরে।

সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।