গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে হাসেম বাজার থেকে মুক্তিযোদ্ধার মোড় পর্যন্ত কার্পেটিং রাস্তার কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছেন গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল করিম।

আজ সকালে রাস্তার কাজ পরিদর্শনকালে তিনি কাজে নিম্নমানের ও তিন নম্বর ইটের খোয়া ব্যবহার এবং নকশা (ড্রয়িং) অনুযায়ী সোল্ডার ও স্লোপ তৈরি না করার বিষয়টি লক্ষ্য করেন।

এ সময় তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মোঃ বাবলুকে ফোন করে রাস্তার কাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দেন।

সংসদ সদস্য মোঃ আব্দুল করিম সংশ্লিষ্টদের মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার করে নির্ধারিত নকশা ও কারিগরি নির্দেশনা অনুসরণ করে রাস্তার কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির মাধ্যমে রাস্তার নির্মাণকাজের মান নিশ্চিত হবে এবং নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পন্ন করা হবে।