ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের 'মাইকোলজি, বায়োটেকনোলজি ও টেকসই পরিবেশ' বিষয়ক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) "মাইকোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড সাসটেইনেবল এনভায়রনমেন্ট (আইএসএমবিএসই)" বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। এতে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা গবেষণাভিত্তিক প্রজেক্টের বিষয়বস্তু, উদ্দেশ্য ও প্রাপ্ত ফলাফল পোস্টারের মাধ্যমে উপস্থাপন করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতিকুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান এবং বিভাগের অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস ও সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন চীনের বেইজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটির স্কুল অব ইকোলজি অ্যান্ড নেচার কনজারভেশনের অধ্যাপক ড. হে শুয়াংহুই। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব মাইক্রোবায়োলজির সহযোগী অধ্যাপক ড. লিউ শি-লিয়াং।

অধ্যাপক ড. হে শুয়াংহুই ও ড. লিউ শি-লিয়াং তাদের গবেষণার অভিজ্ঞতা এবং গবেষণাক্ষেত্রের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তারা আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করে চীনে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে তাদের গবেষণায় সম্পৃক্ততা, বৈজ্ঞানিক উপস্থাপনা দক্ষতা এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার সুযোগ বাড়বে। একই সঙ্গে মাইকোলজি, বায়োটেকনোলজি ও টেকসই পরিবেশবিষয়ক গবেষণায় আগ্রহ আরও বৃদ্ধি পাবে।