মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার আগমনী বার্তা নিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ সময় দেবীপক্ষ। দেবী দুর্গার আগমনকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে উৎসবের আমেজ। সেই আবহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দেবীপক্ষের সূচনার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গোৎসবের দিন গণনা।

মহালয়া উপলক্ষে শনিবার (১০ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এ দিন থেকেই দেবী দুর্গার আগমনের প্রতীক্ষা শুরু করেন ভক্তরা। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের প্রত্যাশায় দেবীপক্ষের রয়েছে বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য।

মহালয়ার বিশেষ এ আয়োজন শুরু হয় কীর্তনের মধ্য দিয়ে। এরপর পরিবেশিত হয় চণ্ডীপাঠ ও বিশেষ সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘মহিষাসুরমর্দিনী’ নাটক। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, প্রতিবছরের মতো এবারও বড় পরিসরে মহালয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ আয়োজনের পেছনে মূল ভূমিকা পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘ। তবে দুর্গাপূজার সময়ে বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় বিজয়া দশমী উপলক্ষে বড় পরিসরে আয়োজন করা সম্ভব হয় না।

দেবীপক্ষের সূচনাকে ঘিরে এ আয়োজন শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়, বরং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তাও ছড়িয়ে দেয়। নানা ধর্ম ও সংস্কৃতির শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন আয়োজন ক্যাম্পাসের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করে। দেবীপক্ষের এই শুভ সূচনায় সবার প্রত্যাশা অশুভের বিনাশ, শুভের জয় এবং সম্প্রীতি ও শান্তির বন্ধনে আবদ্ধ হোক পুরো ক্যাম্পাস।